প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:৫৩ পিএম

রাষ্ট্রের স্বার্থে এনবিআর বিলুপ্তি এবং একটি টেকসই রাজস্ব ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যের খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল থেকে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকলেও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে ভারত থেকে আসা পণ্যে বোঝাই ট্রাক বন্দরে অবস্থান করলেও শুল্কায়ন ও পরীক্ষণ না হওয়ায় খালাস করা সম্ভব হচ্ছে না।
তবে আন্তর্জাতিক যাত্রীসেবা অব্যাহত থাকায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলেছে।
হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে সংহতি প্রকাশ করছি। তাই সব কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত থাকলেও আজ কোনো দাপ্তরিক কার্যক্রম হয়নি।’
এদিকে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস আহমেদ বলেন, ‘সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে প্রায় ৩৫টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। তবে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় কোনো পণ্য খালাস করা যাচ্ছে না। আজকের মধ্যে কোনো ইতিবাচক ঘোষণা না এলে আগামীকাল রবিবার (২৯ জুন) থেকে ব্যবসায়ীরা আমদানি কার্যক্রম বন্ধ রাখবেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম