প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৪:১৮ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৯:৩৫ এএম

আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করে জাতির কাছে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অনুরোধ জানান।
ফারুক বলেন, “রমজানের আগে দেশে ভোট হবে, আর কোনো বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ হতাশায় রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে, এখন যেন আর কোনো ষড়যন্ত্র না হয়।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সুতরাং রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ইউনূস জাতির সামনে একটি নজির স্থাপন করতে পারেন।”
সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফারুক বলেন, “যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষা খাতে। কারণ, শিক্ষা খাত উন্নত না হলে জাতির অগ্রগতি সম্ভব নয়।”
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সমালোচনা করে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। শেখ হাসিনা এবং তাঁর বাবা বঙ্গবন্ধুও এই খাতের ক্ষতি করেছেন। যারা মুখে গণতন্ত্রের কথা বলতেন, তাঁরা কখনো শিক্ষার কথা বলেননি।”
স্বদেশ প্রতিদিন/এনআর