প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৯:৪৩ AM আপডেট: ২৬.০৬.২০২৫ ৯:৩১ PM

কৃষি ক্যাডারের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ জুন) কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা বিএনপিপন্থি হিসেবে পরিচিত ছিলেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:-
১. ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ- কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সাবেক উপ-পরিচালক (প্রশাসন), বর্তমানে মেহেরপুর হর্টিকালচার সেন্টারে বদলিকৃত।
২. মোহাম্মদ গোলাম মোস্তফা- মৌলভীবাজার জেলা বীজ প্রত্যয়ন অফিসার।
৩. মো. রেজাউল ইসলাম (মুকুল)- কৃষি সম্প্রসারণ অধিদফতর, হবিগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ৩০-(ক), (খ), (গ) ও (ঘ) ধারা এবং সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(ঙ)-এর আওতায় আনা অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এসব অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম