
সংগৃহীত ছবি
দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈরি করা হবে।
যা শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদেরকেই চিকিৎসাসেবা প্রদান করবে। এগুলো আমরা এমনভাবেই নামকরণ করব যে, শ্রমিকদের জন্যই এই হাসপাতালগুলো নির্দিষ্ট থাকবে।
এর আগে, বিগত স্বৈরাচারী সরকারের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় স্বৈরাচারের দুঃশাসনের আমলে আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছুকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি, কীভাবে শিল্পের বিকাশ না ঘটিয়ে এমন সব ইচ্ছাকৃত পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ স্বাভাবিকভাবে হতে পারেনি।
বিগত আমলে দেশের স্বাস্থ্যখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, স্বৈরাচারের সময় সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়। এমনভাবে চিকিৎসাব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে যে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। এ দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে।