জলাশয় প্লাস্টিকে ভরে গেছে, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে: ড. মুহাম্মদ ইউনূস
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১:০৮ পিএম

জলাশয়গুলো পলিথিন ও প্লাস্টিকে ভরে গেছে। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার ঠিক না থাকায় জীববৈচিত্র্য এখন ধ্বংসের মুখে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৫ জুন) সকাল পৌনে ১২ টার দিকে রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘নদীর তলদেশ খুঁড়লে দেখা যায় ৪-৫ ফুট নিচেও পলিথিন জমে আছে। এটি শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও ভয়ংকর হুমকি। এইসব প্লাস্টিক ও পলিথিনের জন্ম আছে, কিন্তু মৃত্যু নেই। তাই এখনই আমাদের সচেতন হতে হবে।’
তিনি দেশের সকল শ্রেণিপেশার নাগরিককে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, ‘তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো সংকট মোকাবেলায় তাদের এগিয়ে আসতে হবে। সচেতনতা তৈরি ও দায়িত্বশীলতার চর্চা শুরু করতে হবে এখন থেকেই।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় রাষ্ট্র, প্রতিষ্ঠান ও নাগরিক- সবার অংশগ্রহণ জরুরি। শুধু বক্তৃতায় নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম