প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ AM

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তাঁর অংশগ্রহণ এবং বিশ্ব নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
বাসসের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
সফরকালে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা, বিশ্বশান্তি ও বহুপাক্ষিক ব্যবস্থার বিভিন্ন বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। সফর শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার পথে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছান।
স্বদেশ প্রতিদিন/এস পি