প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:০৯ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৭:৩৪ PM

সংগৃহীত ছবি
শেষ হলো নানা নাটকীয়তা, অভিযোগ আর চমকে ভরা এক অধ্যায়ের অবসান। অবশেষে জামিন পেলেন আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল।
আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত তাকে এক হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন। মামলাটি ছিল পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে, ডেমরা থানায় দায়ের করা।
উল্লেখ্য, এর আগে ইডেন কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন- নোবেল তাকে সাতমাস আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। ওই মামলায় গত ২০ মে নোবেলকে গ্রেফতার করে পুলিশ, এরপর পাঠানো হয় কারাগারে।
এদিকে, নাটকীয় মোড় আসে ১৯ জুন। আদালতের নির্দেশে কারাগারের ভেতরেই অনুষ্ঠিত হয় নোবেল ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে। বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের সাক্ষীরা। দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।
জানা যায়, আজ আদালতে জানানো হয় উভয় পক্ষের মধ্যে আপোষ হয়েছে। বাদীর আর কোনো অভিযোগ নেই। বিচারক সরাসরি বাদীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।” এরপরই নোবেলের জামিন মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, নোবেল প্রথম আলোচনায় আসেন ভারতের জি বাংলার ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে অংশ নিয়ে। গান দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিলেও, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি কখনোই।
কারাগারে বিয়ে, আদালতের আপোষ আর এক হাজার টাকায় জামিন- নোবেল আবারো উঠে এলেন আলোচনার কেন্দ্রে।
ভক্ত এবং নেটিজেনদের এবার প্রশ্ন- তবে কি এবার নোবেল ফিরবেন গানে?