প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:০০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে মহাসড়কের কাঁচপুর এলাকায় মালেক জুট মিলের শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকরা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
সড়ক অবরোধে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে যানজটে আটকা পড়া যানবাহনের যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। তবে এসময় প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল বলে জানা যায়।
শ্রমিকরা বলেন, “আজকের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।”
মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, “বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।”
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশস্ত করলে তারা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।”