প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:১৫ পিএম

সংগৃহীত ছবি
সহপাঠীকে অচেতন করে ধর্ষণ এবং তা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
তিনি জানান, যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রথমে শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয়। এরপর শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় তাদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৯ মে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ এবং তা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে শান্ত ও স্বাগতর বিরুদ্ধে। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ ঘটনায় পরদিন ২০ মে ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালি থানায় মামলা করেন আটক দুই শিক্ষার্থীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। গতকাল আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে তারা এবং কোনোভাবেই শাস্তিহীনতার সংস্কৃতি মেনে নেওয়া হবে না।