
ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ জুন) ভোর ৬টার দিকে এই তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টাইমস অব ইসরাইল-এর বরাতে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য লক্ষ্যস্থলগুলোতে বাজতে শুরু করেছে সাইরেন। জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তা ইসরাইলের কোন এলাকায় আঘাত হানতে পারে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইডিএফ।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (২০ জুন) জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জানান, নিজেদের ভূখণ্ডে ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধ হলে তবেই তেহরান কূটনৈতিক সমাধান বিবেচনা করতে পারে।
ওই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরাইলকে হামলা বন্ধে আহ্বান জানানোর সম্ভাবনা কম। তিনি বলেন, ‘আমার মনে হয়, এখনই সেই অনুরোধ করা খুব কঠিন।’
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির দাবি করেন, ইরানের ওপর হামলার প্রস্তুতি ‘বছরের পর বছর’ ধরেই চলছিল। সাম্প্রতিক মাসগুলোতে গোপনীয়তা রক্ষা করে সেই প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।
শুক্রবারও ইরানে নতুন করে হামলা চালায় ইসরাইল। পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরাইলের হাইফায় আহত হয়েছেন অন্তত ২৩ জন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আইডিএফ আরও জানিয়েছে, ইরান সর্বশেষ ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে এসব হামলায় ইসরাইলের মধ্য ও দক্ষিণাঞ্চলে কেউ হতাহত হয়নি।
চলমান এই উত্তেজনার মধ্যেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান-ইসরাইল সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, ‘এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।’
স্বদেশ প্রতিদিন/কেএইচ