প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:০২ AM আপডেট: ২১.০৬.২০২৫ ২:২৬ PM

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ কুদ্দুস বিশ্বাস (৫০) স্ত্রীর দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়েছেন। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত কুদ্দুস বিশ্বাসের বাঁচার একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন।
এই সংকটময় সময়ে স্ত্রী মোছা. ফারজানা (৩০) স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন। তিনি নিজের একটি কিডনি স্বেচ্ছায় দান করেন—যা এলাকায় এক মানবিক ও সাহসী সিদ্ধান্ত হিসেবে আলোচিত হচ্ছে।
সকল প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় মিল পাওয়ার পর কুদ্দুস বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য তুরস্কে পাঠানো হয়। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। চার মাস চিকিৎসা শেষে শুক্রবার (২০ জুন) বিকেলে তিনি হেলিকপ্টারে করে নিজ এলাকায় ফিরে আসেন। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টার অবতরণ করে।
তার প্রত্যাবর্তনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজারো মানুষ রাস্তায় দাঁড়িয়ে ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে তাকে বরণ করে নেন। স্ত্রীর ভালোবাসায় নতুন জীবন ফিরে পেয়ে কুদ্দুস বিশ্বাস আবেগে আপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমত ও আমার স্ত্রীর সাহসিকতায় আমি দ্বিতীয়বারের মতো জীবন ফিরে পেয়েছি। এখন আবার মানুষের জন্য কাজ করতে চাই।’ তিনি চিকিৎসক, স্ত্রী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, ‘এই ঘটনা শুধু চিকিৎসার সাফল্য নয়, এটি ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিকতার অনন্য উদাহরণ। ফারজানা ভাবী শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারীও।’
স্থানীয় সাংবাদিকরা বলছেন, ‘স্ত্রীর এই আত্মত্যাগ সত্যিকারের ভালোবাসার নিদর্শন। স্বামীর জীবন বাঁচাতে নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দান এক অনন্য নজির।’
উল্লেখ্য, আলহাজ কুদ্দুস বিশ্বাস একজন সফল ব্যবসায়ী। মাছ ব্যবসার পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও ব্যাপকভাবে সক্রিয়। তার প্রতিষ্ঠানে প্রায় ৩০০ মানুষের কর্মসংস্থান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ