প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১২:৩৬ AM আপডেট: ২১.০৬.২০২৫ ৬:৩৮ এএম

শিশুদের বিরুদ্ধে গুরুতর সহিংসতা ঘটানোর অভিযোগে টানা দ্বিতীয় বছরের মত জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত হলো ইসরাইলের নাম। টানা ২০ মাসেও গাজায় ইজরায়েলী আগ্রাসন বন্ধ না হওয়ায় এমন সিদ্ধান্ত জাতিসংঘের।
জাতিসংঘের বার্ষিক প্রতিবেদন বলছে ২০২৪ সালে বিশ্বব্যাপী শিশুদের প্রতি সহিংসতা আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। আর এর জন্য সবচেয়ে বেশি দায়বদ্ধ ইসরাইল।
গাজা ও পশ্চিম তীরে ৮৫৫৪ টি গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছে, এরমধ্যে প্রাণ হারানো শুধুমাত্র গাজার শিশুর সংখ্যাই ১২৫৯ জন। আহত হয়েছে ৯৪১ জন। এছাড়াও নিখোঁজ হয়েছে আরো অগণিত শিশু।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ইসরাইল শিশুদের জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকারে চরম হস্তক্ষেপ করেছে। আরো বলা হয়েছে এই সহিংসতা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এমনকি হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনালসহ একাধিক সংস্থা এটি নিশ্চিত করেছে।
জাতিসংঘের এই কালো তালিকায় চূড়ান্ত কোন রায় নয় তবে এটি একটি বার্তা - দুই দেশের আগ্রাসনের মাঝে একটি শিশু যেন কখনোই সুস্থভাবে বাঁচার অধিকার না হারায়।
স্বদেশ প্রতিদিন/এনআর