প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:২৩ পিএম

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বিরুদ্ধে ফের কঠোর অবস্থান নিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটিকে তিনি ইসরাইলের জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ হিসেবে অভিহিত করেছেন।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক টেলিভিশন বিবৃতিতে বেন-গভির বলেন, “আল-জাজিরা শুধু একটি সংবাদমাধ্যম নয়, বরং এটি ইসরাইলের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে। এদের কার্যক্রম বন্ধ করা জরুরি।”
এ সময় তিনি দেশটির পুলিশকে নির্দেশ দেন, কেউ আল-জাজিরা দেখলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরাইল সরকার আনুষ্ঠানিকভাবে আল-জাজিরার সাংবাদিক ও কর্মীদের দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ করে। এর ফলে চ্যানেলটির অফিস বন্ধ করে দেওয়া হয় এবং সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।
এই পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তবে ডানপন্থী নেতারা, বিশেষ করে বেন-গভির, বরাবরই আল-জাজিরাকে ‘উস্কানিমূলক’ ও ‘পক্ষপাতদুষ্ট’ হিসেবে অভিযুক্ত করে আসছেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ