প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যায়।
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে এরই মধ্যে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে। এর মধ্যে সৌদি আরবের তেল স্থাপনায় নতুন হামলার খবর বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা আরও বাড়িয়েছে।
হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সৌদি রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা হয়েছে।
হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে সৌদি সরকার বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিশ্বের মোট তেলের চাহিদার একটি বড় অংশ সরবরাহ করে সৌদি আরামকো। ফলে প্রতিষ্ঠানটির স্থাপনাগুলোতে হামলার খবর আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম একপর্যায়ে তিন শতাংশের বেশি বেড়ে যায়। ব্যারেলপ্রতি দাম ১০৮ ডলারে উঠে গেলেও পরে কিছুটা কমে ১০৫ থেকে ১০৬ ডলারের মধ্যে অবস্থান নেয়।
বাজার বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত প্রশমিত না হলে বিশ্ববাজারে তেলের উচ্চমূল্য অব্যাহত থাকতে পারে। যুদ্ধ ও উত্তেজনার কারণে সরবরাহে বিঘ্ন ঘটলে বাজারে তেলের ঘাটতির আশঙ্কা আরও বাড়তে পারে।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চললেও তেলের বাজারে উদ্বেগ পুরোপুরি কাটেনি।
স্বদেশ প্রতিদিন/এস পি