প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১১:৪২ AM আপডেট: ১৮.০৬.২০২৫ ১১:৫৬ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলে পাঠানো হচ্ছে-এমন অভিযোগে নাগরিকদেরকে এই মেসেজিং অ্যাপটি মুছে ফেলার আহ্বান জানিয়েছে ইরান।
মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে এই বার্তা প্রচার করে দেশটির কর্তৃপক্ষ।
তাদের দাবি, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ করে তা পাঠানো হচ্ছে ইসরায়েলে। তবে এ অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি তেহরান।
এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের ভিত্তিহীন অভিযোগের কারণে আমাদের সেবা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হতে পারে, অথচ এই মুহূর্তে মানুষ আমাদের প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি প্রয়োজন করছে।’
হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, তাদের অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হয়, যার ফলে বার্তা কেবল পাঠক ও প্রাপকই পড়তে পারেন। কেউ মাঝপথে বার্তা আটকালেও তা ডিকোড করা সম্ভব নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান অনুসরণ করি না, কে কাকে বার্তা পাঠাচ্ছেন তার কোনো লগ রাখি না এবং ব্যক্তিগত বার্তার ওপর নজরদারি করি না। আমরা কোনো সরকারকে গণহারে তথ্য সরবরাহ করি না।’
কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রেগরি ফ্যালকো বলেন, এটি প্রমাণিত হয়েছে যে হোয়াটসঅ্যাপের মেটাডেটা বোঝা সম্ভব যা এনক্রিপ্ট করা হয় না।
বিশেষজ্ঞদের মতে, এই তথ্যগুলো বিশ্লেষণ করে ব্যবহারকারীর আচরণ বা অবস্থান অনুমান করা সম্ভব, যদিও হোয়াটসঅ্যাপ দাবি করে তারা ব্যবহারকারীদের অবস্থান ট্র্যাক করে না বা কার সঙ্গে কার যোগাযোগ হচ্ছে তার কোনো লগ রাখে না।
সূত্র : এপি।
স্বদেশ প্রতিদিন/এমএম