প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৬:১২ পিএম

বান্দরবানের আলীকদম সীমান্তে পাহাড়ি গরু কিনতে গিয়ে অপহরণের শিকার হন দুলাল (৪০) নামে এক শ্রমিক। আট দিন পর সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে তাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত এজাহার হোসেনের ছেলে দুলাল গরু কেনার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যান। এ সময় ৫–৬ জন মিয়ানমারের নাগরিক গরু বিক্রির প্রলোভন দেখিয়ে সীমান্ত পিলার ৫৪–৫৫-এর মধ্যবর্তী এলাকা দিয়ে তাকে মিয়ানমারের ভেতরে অপহরণ করে নিয়ে যায়।
পরে ১০ জুন বিকেল ৪টার দিকে বিজিবির টহল দল স্থানীয় সোর্সের মাধ্যমে জানতে পারে, অপহৃত দুলাল মিয়ানমারের ম্যানশনপাড়া এলাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
পরদিন ১১ জুন দুপুর ১২টার দিকে আলীকদমের পোয়ামুহুরী বিওপির কমান্ডার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫৬-এর ৮০০ গজ উত্তরে ‘৭৮ কিলো’ নামক স্থানে অভিযান চালায়। এ সময় কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনা হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন জানান, উদ্ধারকৃত দুলালকে বিকেল ৪টার দিকে পোয়ামুহুরী বিওপির মাধ্যমে স্থানীয় ৩ ও ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ