প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৬:১১ পিএম

সংগৃহীত ছবি
দেশে আবারো বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে, এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
আজ বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছে।
উল্লেখ্য, ২৪ ঘণ্টায় ২৬৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট চার হাজার ৮৩২ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এরআগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
চলতি বছরের ১১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৩০৩ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৩ শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে ২৩ জন মারা গেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৫৭৫ জন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস