যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের বৈঠক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৬:২৩ পিএম

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক সমন্ন হয়েছে।
আজ বুধবার (১১ জুন) লন্ডনের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।
উল্লেখ্য, বৈঠকে বাংলাদেশের পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা শরণার্থী সংকট, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়গুলো নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
এছাড়া, অধ্যাপক ইউনূস আসন্ন জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ১৬ বছর মেয়াদে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়ে এবং প্রাক্তন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়। তিনি এই পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন।
এসময়, জনাথন পাওয়েল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
অর্থনৈতিক পুনরুদ্ধার প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, দেশের ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুফতি সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।
স্বদেশ প্রতিদিন/এনআর