
ফাইল ছবি
আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি আশঙ্কা প্রকাশ করেছে, অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ ও ঘোষিত সময়সূচি নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি করতে পারে।
শুক্রবার (৬ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কথা বললেও, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে বেশিরভাগ দলের মতামত উপেক্ষা করছে। এতে করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
এর আগে রাত ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবৃতিতে আরও বলা হয়, ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণ তার নিজস্ব সীমা ছাড়িয়ে গেছে। তিনি করিডোর, বন্দর ইত্যাদি প্রসঙ্গ টেনে এমন সব বিষয়ে কথা বলেছেন, যা অন্তর্বর্তী সরকারের ঘোষিত তিনটি ‘ম্যান্ডেটের’ অন্তর্ভুক্ত নয়। ভাষণের শব্দ চয়নেও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে বলে বিএনপি মনে করে।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের প্রস্তাব বাস্তবতায় নানা সমস্যার সৃষ্টি করতে পারে। রমজান, আবহাওয়ার অবস্থা ও শিক্ষাবোর্ডের পরীক্ষা মিলিয়ে তখন নির্বাচন আয়োজন জটিল হয়ে উঠবে। অথচ কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নয়, তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রধান উপদেষ্টা দেননি।
বিবৃতিতে বিএনপি দাবি করে, “মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত এ দেশের জনগণ দীর্ঘ দেড় দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের আন্দোলনে ব্যাপক আত্মত্যাগের পরেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। তাই আবহাওয়া, রমজান ও পরীক্ষাসহ সার্বিক বাস্তবতা বিবেচনায় ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করছে বিএনপি।”
উল্লেখ্য, এর আগে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, “২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন পরবর্তী সময়ে বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে।