প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৩৩ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) কাজ গেজেট প্রকাশ করা, শপথ পড়ানো নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ইস্যুতে এ মন্তব্য করেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি, গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।’
এর আগে গত রবিবার নির্বাচন কমিশন জানিয়েছিল, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। নির্দেশনার কপি হাতে পেয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আজ এই তথ্য এই জানালেন।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি।
সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। সে বছরেই ৩ মার্চ নির্বাচনে অনিয়মের- জালিয়াতির অভিযোগ তুলে মামলা দেন ইশরাক হোসেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার।
অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। তবে বিভিন্ন কারণ এবং আইনি জটিলতা সামনে আশায় এখনো তাকে শপথ পড়ায়নি স্থানীয় সরকার বিভাগ।
স্বদেশ প্রতিদিন/কেএইচ