প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:১৫ পিএম

হোয়াটসঅ্যাপ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি পরিচিত একটি মেসেজিং অ্যাপ হিসেবেও। যা বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য নিয়মিতই এই অ্যাপে যুক্ত করা হচ্ছে নতুন নতুন সব ফিচার। এতে ব্যবহারকারীরা পাচ্ছেন আরো উন্নত ও সমৃদ্ধ অভিজ্ঞতা।
শুধু ব্যক্তিগত নয়, অফিসসহ যাবতীয় প্রায় সব কাজেই ব্যবহৃত হয় এই হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে অনেকে অ্যাড থাকেন প্রচুর গ্রুপে। সেখানে বন্ধু, পরিবার, অফিসের কলিগ ছাড়াও অন্যান্য গ্রুপে চ্যাট করে থাকেন অনেকে। কিন্তু এতো গ্রুপে কথা বলা একটু ঝামেলাও বটে।
তাই এখন সময় এসেছে এই গ্রুপ চ্যাটে টাইপের ঝামেলা শেষ করার। গ্রুপ ভয়েস চ্যাট নামে একটি নতুন টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে কথোপকথনকে আরো সহজ এবং মজাদার করে তোলা হবে। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি বিশেষ করে গ্রুপে যারা লম্বা মেসেজ টাইপ করা এড়াতে চান তাদের জন্য বেশ দরকারি।
নতুন এই ফিচার যুক্ত করায় আপনি এখন খুব সহজে গ্রুপ চ্যাটে সরাসরি কথা বলতে পারবেন আপনার ভয়েসের মাধ্যমে। যা হবে হ্যান্ডস-ফ্রি এবং রিয়েল-টাইমে। অর্থাৎ, কল না করেই সরাসরি গ্রুপে লাইভ ভয়েস চ্যাট শুরু করা যাবে, ঠিক যেন আপনি কথা বলছেন মুখোমুখি।
উল্লেখ্য, প্রাথমিকভাবে শুধুমাত্র বড় গ্রুপের জন্য এই ফিচারটি চালু করা হয়েছিল। তবে এখন এটি সব গ্রুপের জন্য আনা হয়েছে। গ্রুপে ৩ থেকে ৪ জন অথবা ১০০ জনের বেশি সদস্য থাকলেও সকল ব্যবহারকারীই এখন সুবিধা নিতে পারবেন এই ভয়েস চ্যাটের।
ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য দেওয়া উন্মুক্ত করা হচ্ছে এই বৈশিষ্ট্যটি। যদি এই আপডেটটি আপনার ফোনে এখনও না এসে থাকে তবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। শীঘ্রই এটি পাওয়া যাবে আপনার ডিভাইসেও। এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের ক্ষেত্রেই কাজ করবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি