প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:৫৯ পিএম

বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু
নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর মাহাতাব (১৩) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুন) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর মাহাতাব ওই ইউনিয়নের মো. শাহীনের ছেলে। তিনি বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র অধ্যয়নরত ছিলেন।
বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান বলেন, ‘বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত পৌনে ৮ টার দিকে তানভীর বাড়ির ছাদে ওঠে। সেখানে অনুষ্ঠানে সাজসজ্জার জন্য স্থাপিত একটি ঝাড়বাতিতে অসাবধানতাবশত টান দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং গুরুতর আহত হয়ে পরে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এই দুর্ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও তানভীরের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম