প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:৫৬ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ১২:১২ এএম

কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা তান্নু। চীনের চাকরি ছেড়ে চলে দেশে ফিরেই হিরো আলমের সাথে শুরু করলেন মিউজিক ভিডিওর কাজ।
২০১৯ সালে এই তরুণী চলে যান চীনের হাংঝু শহরে, মায়ের কাছে। তার মা চাকরি করেন সেখানেই। এরপর সেখানে একটি অ্যাকোয়ারিয়াম কোম্পানিতে চাকরি নেন তান্নুও। নিজ মনে চাকরিই করছিলেন।
শোবিজ দুনিয়ার প্রতি আকর্ষণ ছিল এই তরুণীর। তাই ছোট ছোট বেশ কিছু ভিডিও বানাতেন কাজের ফাঁকে ফাঁকে। নিজেই সেসব দেখতেন। শেয়ার করতেন নিজের সামাজিক মাধ্যমেও। জানাতেন
সাধারণ মানুষের নানা প্রতিক্রিয়া। যা তৈরি করতো তার মনে আলোড়ন।
তান্নু খেয়াল করতেন দেশের কনটেন্ট ক্রিয়েটরদের। ইচ্ছা ছিল দেশে এসে ফিরে মিডিয়ায় কাজ করবেন। আর এভাবেই পরিচয় হয় আশরাফুল আলম ওরফে হিরো আলমের সাথে। তাকে জানান নিজের ইচ্ছার কথা। এতে হিরো আলমের ইতিবাচক সাড়া পেয়ে চীন থেকে চলে আসেন ঢাকায়।
উল্লেখ্য, তিনি ইতিমধ্যে দেখা করেছেন হিরো আলমের সাথে। শুরু করেছেন তার সাথে কাজও।
এ বিষয়ে হিরো আলম বলেন, এর মধ্যে আমরা দুইজন মিলে মিউজিক ভিডিও করেছি। চায়না ভাষার গানে করা মিউজিক ভিডিওতে মডেল হয়েছি আমি ও তান্নু। দর্শকদের সামনে খুব শিগ্রিই সেই মিউজিক ভিডিও আসতে চলেছে।
শোবিজের প্রতি আগ্রহের কথা উল্লেখ করে সাইকা সুবহা তান্নু বলেন, চীনের হাংঝু শহরে পরিবারের সাথেই ছিলাম আমি। সেখানেই চাকরি করতাম। হিরো আলমের সাথে পরিচয়ের পর দেশে আসি আমি। এখন তার সাথেই কাজ করছি। সেই সাথে আমার ভিসা তো রয়েছেই। কখনো যদি নিজের ইচ্ছার বিকাশ ঘটছে না বলে অনুভব করি, তাহলে চলে যাবো। তবে এখানে ভালো কিছু করার ইচ্ছা আছে আমার।
তান্নুর সাথে বেশ কিছু কাজের পরিকল্পনা রয়েছে বলে সংবাদমাধ্যমে জানান হিরো আলম। তিনি বলেন, তার কাজের প্রতি আগ্রহ আছে। সে চীন থেকে চাকরি ছেড়ে আমার সাথে কাজ করতে এসেছে। এটা অনেক বড় একটা ব্যাপার। কাজ শুরু করেছি। এবার দেখা যাক কী হয়!
স্বদেশ প্রতিদিন/আইজেপি