প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:৪২ পিএম

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ ও গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ সাঈদ খান জনস্বার্থে এই রিট করেন।
রিটে আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিবকে বিবাদী করা হয়েছে।
আজ রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ সংবিধানের ২৭, ৩১, ৪৪, ৯৫ ও ১১০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তাই পুরো অধ্যাদেশ চ্যালেঞ্জ করেছি। এ ছাড়া গতকাল বুধবার প্রকাশিত হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের গণবিজ্ঞপ্তির কার্যকারিতাও স্থগিত চেয়েছি।’
ব্যারিস্টার এম এ সাঈদ খান বলেন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে আইনজীবীদের প্রতিনিধি হিসেবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে বুধবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে আগামী ২২ জুনের মধ্যে দরখাস্ত জমা দিতে বলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ