
বাংলাদেশ ক্রিকেট দল এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে..
ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্টে পরাজয় এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার- এই দুই ব্যর্থতার ধাক্কা সামলে বাংলাদেশ ক্রিকেট দল এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে।
বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘আমাদের দল নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে। অতীতে আমাদের ভালো-মন্দ উভয় পারফরম্যান্স থেকে শিখেছি, এখন সেগুলো বাস্তবায়নের সময়।’
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৯টায়।
সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়লেও লিটন আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘আলোচনা ও সমালোচনা স্বাভাবিক। আমরা জানি কোথায় ভুল করেছি এবং সেটা আর না হওয়ার চেষ্টা করব। দলের ভারসাম্য ভালো, আমরা ভালো ম্যাচ খেলব।’
পাকিস্তানে দুই দিন অনুশীলন শেষে প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, মনোবল ভালো আছে। লিটনও স্মরণ করিয়ে দিয়েছেন, গত বছর রাওয়ালপিন্ডিতে তারা পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে।
লিটনের বক্তব্য, ‘বিশ্বের যে কোনো দলকে হারানোর বিশ্বাস আছে, কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে। ফল নিয়ে ভাবছি না, বরং প্রক্রিয়া ঠিক রাখতে চাই।’
গত বছরের ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
লিটন বলেন, ‘ধারাবাহিক না হওয়ায় আমরা এখনও পিছিয়ে আছি। তবে আমরা কাজ করছি কিভাবে ধারাবাহিক হওয়া যায়।’
তিনি যোগ করেন, ‘প্রতিটি সিরিজের আলাদা চ্যালেঞ্জ আছে। এই সিরিজে আমরা কীভাবে সেগুলো নেব এবং দল হিসেবে পারফর্ম করব, সেটাই গুরুত্বপূর্ণ।’
ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ, যেখানে বাংলাদেশের পারফরম্যান্স আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
স্বদেশ প্রতিদিন/এমএম