প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ২:৩৩ পিএম

বরগুনার পাথরঘাটা এলাকায় প্রবাসীর স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়েছেন মাওলানা শামীম আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএস) আল হাদীদ।
শুক্রবার (২৪ মে) বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তার তার বিরুদ্ধে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন আল হাদীদ। পরে আদালত ওয়ারেন্ট জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।
এদিকে, এই ঘটনায় জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য মাওলানা শামীম আহমেদকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক অপরাধে জড়িত থাকার অভিযোগে শামীম আহমেদকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মাওলানা শামীম আহমেদ ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, লুটপাট, কমিটি বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।’
এছাড়া, শামীম আহমেদ নিজেকে লন্ডনপ্রবাসী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বলে দাবি করতেন। তবে তার দাবিকৃত ‘সাউথ সী গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
বহিষ্কারের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের মাওলানা শামীম আহমেদের সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার অনুরোধ জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম