প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ২:১৬ পিএম আপডেট: ২৭.০৫.২০২৫ ২:১৮ PM

আবারও রিমান্ডে মমতাজ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। এ সময় আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া গণমাধ্যমকে জানান, সিংগাইরের গোবিন্দল এলাকায় চারটি হত্যা মামলায় নিয়মিত শুনানির অংশ হিসেবে আদালতে হাজির করা হয় মমতাজ বেগমকে। শুনানি শেষে বিচারক তাকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) একই মামলায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মো. আব্দুন নূর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অপর একটি মামলায় চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম