প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ১০:২৯ AM আপডেট: ২৫.০৫.২০২৫ ১২:০৯ PM

রাজধানীর বনানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা যায়, ওই দুই মোটরসাইকেল আরোহী কুড়িল বিশ্বরোড থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি জানান, দুইজন মোটরসাইকেলে করে কুড়িল বিশ্বরোড থেকে মহাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি রেডিমিক্স বহনকারী ট্রাক তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে। মোটরসাইকেলটির কোনো ক্ষতি হয়নি। ঘটনার কারণ ও নিহতদের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম