প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৫:৪২ পিএম

রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ফরিদপুর জেলার চর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে শুক্রবার (২৩ মে) ভোরে ফরিদপুর জেলার চরশালিপুর গ্রামে নজরুলের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের মো. রানা (২৪), ইসমাইল সুজন (২৫) এবং ফরিদপুরের চরশালিপুর গ্রামের শেখ নজরুল (৩০)।
পুলিশ জানায়, গত ১৯ মে সকালে রাজবাড়ী আদালতের অফিস সহায়ক সজিব তার ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি তালাবদ্ধ করে আদালতের রিসিপশনের পাশে রেখে অফিসে যান। দুপুরে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। ঘটনাটি জানার পর রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন তিনি।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে দ্রুত চলে যাচ্ছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
স্বদেশ প্রতিদিন/এমএম