
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি।
এর আগে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন নুসরাত ফারিয়ার।
এদিকে কারামুক্তির পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা ফারিয়া। যেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার এ করুণ সময়ে পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’

বিগত দুই দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন উল্লেখ করে এ অভিনেত্রী জানান, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুটি দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এ সময় সর্বক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদের প্রতি মন থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট এবং ভালোবাসা আমি আজীবন মনে রাখবো।’
ভক্তদের সমর্থন ছাড়া এত দ্রুত উপস্থিত হতে পারতেন না উল্লেখ করে তিনি লিখেন, বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে। এ সময় তাদের এই সাপোর্ট ভীষণ প্রয়োজন ছিল।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় নুসরাত ফারিয়াকে। এরপর ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় তাকে। পরবর্তীতে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে।
মামলার সূত্রানুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের ওপর চালানো হয় গুলি। এদের মধ্যে এনামুল হকের পায়ে গুলি লাগলে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশজনের বিরুদ্ধে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে একটি মামলাটি করেন।
উল্লেখ্য, হত্যাচেষ্টার ওই মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি