প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৩:২৮ পিএম আপডেট: ২০.০৫.২০২৫ ৩:৫৬ PM

কুড়িগ্রামে রাতভর ভারী বৃষ্টিতে শহরজুড়ে দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। জেলা সদরের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ভেঙে পড়েছে শহরের স্বাভাবিক জনজীবন।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে পড়ার ঘটনা নতুন নয়। তবে টানা বৃষ্টির কারণে এবার শহরের প্রধান প্রধান এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
পানির নিচে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের দপ্তর, জেলা কোর্ট প্রাঙ্গণ, ফায়ার সার্ভিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই, আরডিআরএস, ট্রেডার্স হোমসসহ শহরের প্রায় প্রতিটি পাড়া-মহল্লা। অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আসাদুজ্জামান জানান, টানা বৃষ্টিতে নদ-নদীর তীরবর্তী অঞ্চলের প্রায় ১৩০ হেক্টর জমির বাদাম ও তিল ক্ষেত ডুবে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিল ও বাদামের।
পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার নদ-নদীগুলোতে পানি কিছুটা বেড়েছে। তিস্তা নদী এলাকায় গত ২৪ ঘণ্টায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এখনো নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘আগামী ৩-৪ দিন তিস্তা ও ব্রহ্মপুত্র নদে পানি বাড়তে পারে। তবে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই।’
রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম