প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৩:১৫ পিএম

সাত মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, গত নভেম্বরে গুলশানে দেখা করার কথা বলে ইডেন কলেজের ওই ছাত্রীকে ডেকে নেন নোবেল। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ডেমরার একটি বাসায় নিয়ে যান এবং টানা সাত মাস সেখানে আটকে রাখেন। এ সময় তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন।
নির্যাতনের দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করে ছাত্রীটিকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিলেন নোবেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন নোবেল। পরে জানা যায়, ভিডিওতে থাকা নারীই নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী।
ভিডিও দেখে ছাত্রীটির পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিষয়টি জানতে পারেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
এরপর পুলিশ সোমবার রাত ১০টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নোবেল। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে তাকে ডেমরা এলাকা থেকেই গ্রেফতার করা হয়।
পালানোর পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে ওসি মাহমুদুর রহমান জানান, নোবেল সীমান্ত পথে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তবে তার আগেই তাকে আটক করা সম্ভব হয়।
এ ঘটনায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করায় নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
স্বদেশ প্রতিদিন/এনআর