প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৫:৫২ পিএম

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় ‘কালক্ষেপণ’ এবং প্রশাসনিক অগ্রগতির অভিপ্রকাশে অসন্তোষ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
আগামীকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’-এর অর্গানাইজিং উইং জানিয়েছে, প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এবং পূর্বের অধিভুক্তি বাতিল হলেও এখনো অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদনে দীর্ঘসূত্রতা চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ক্ষেপণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তাই পরিস্থিতি ও শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা দিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজ—গত কয়েক বছর ধরেই পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছে।
স্বদেশ প্রতিদিন/এনআর