প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৮:১৮ পিএম আপডেট: ১১.০৫.২০২৫ ৮:২০ PM

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে। অন্য দুই সদস্য হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তারা খতিয়ে দেখবে- গত ৭ মে আবদুল হামিদ কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করলেন, এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ব্যর্থতা বা গাফিলতি ছিল কিনা, দায়িত্ব পালনে কে বা কারা ব্যর্থ হয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তদন্ত কার্যক্রমে কমিটি প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সংগ্রহ করতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবে। সব সরকারি সংস্থা কমিটিকে সহায়তা করতে বাধ্য থাকবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সাচিবিক সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, গত ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঘটনার পরদিনই একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়, যার মধ্যে অতিরিক্ত আইজি (প্রশাসন)-কে প্রধান করে পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম