প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ১৬.১০.২০২৬ ২:৫৮ PM

টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বী গরিব ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি-পাঞ্জাবি বিতরণ করা হয়। পাশাপাশি হরিজন সম্প্রদায়ের ৩০০ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
পরে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছি। তারই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে আপনাদের জন্য উপহার নিয়ে হাজির হয়েছি।’ হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নিজ নিজ ধর্ম পালনে ভয়ভীতির কোনো বিষয় নেই। নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রধানমন্ত্রী সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।’
উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী। এ ছাড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি