প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে অর্থের কোনো সমস্যা হবে না। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জরিমানা থেকে আদায় করা অর্থ রোগে মারা যাওয়া দুস্থ ব্যক্তিদের পরিবারের মধ্যে বিতরণের প্রস্তাব দেওয়ার কথাও জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধবিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন হতে হবে। জনগণের সচেতনতা ছাড়া শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু সারা বছরই মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ ও জনস্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে ভ্যাকসিন কেনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ডেঙ্গুতে মৃত দুস্থদের পরিবারকে সহায়তা দিতে প্রতিরোধ অভিযানে আদায় করা জরিমানার অর্থ ব্যবহারের প্রস্তাব দেন।
‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলকে পরাজিত করে বিজয়ী হয় কবি নজরুল সরকারি কলেজের সরকারি দল।
স্বদেশ প্রতিদিন/এস পি