প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:৪৬ পিএম

নোয়াখালীর হাতিয়ায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রপথে মাছ শিকার করার দায়ে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৯৩ জন জেলেকে আটক করা হয়েছে। অভিযানে ৬টি ট্রলার থেকে প্রায় ৬১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬১ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ৩ টার দিকে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য বিভাগ এই যৌথ অভিযানটি চালায়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৬ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। এসব ট্রলারগুলির নাম হলো:- এফবি মায়ের দোয়া, এফবি আয়ানা, এফবি তাহিয়ান, এফবি সামিয়া, এফবি সাইফুল-২ এবং এফবি মায়ের দোয়া (অন্যটি)। ট্রলারে থাকা ৯৩ জন জেলেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, দরিদ্র ও দুস্থ পরিবারে বিতরণ করা হয়েছে।
পরবর্তীতে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ট্রলারের মালিকদের ৪ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়। আটক ৯৩ জন জেলেকে মুচলেকা নিয়ে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ করে, যা সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করার জন্য নেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম