
চলতি বছরের হজ ফ্লাইট আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ২ টা ১৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।
এ বছর নির্বিঘ্নে হজযাত্রার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।
প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাত ময়দানে হজের খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রদান করা হয়। এই খুতবা এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে, এবং তাৎক্ষণিকভাবে ২০টি ভাষায় অনুবাদ করা হবে।
যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে- বাংলা, ফরাসি (ফ্রেঞ্চ), মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।
স্বদেশ প্রতিদিন/এমএম