
স্ত্রী থেকে স্বামীর চার মাসের বেশি সময় দূরে থাকার বিধান ইসলামে নেই বলে মন্তব্য করেছেন ইসলামি সম্মেলনের প্রধান আলোচক ও ইসলামিক স্কলার শায়েখ ড. মিজানুর রহমান আজাহারী। তিনি বলেন, কোনো স্বামীকে চার মাস দূরে থাকতে হলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া প্রয়োজন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুরের রিসডা ফাইভ স্টার হোটেলের সুলতান আহমাদ শাহ বহুতল অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশেষ পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ ৬ মাস দূরে থাকার কথা
প্রবাসী শ্রমিক-কর্মচারীদের চার মাস পরপর ছুটি পাওয়া অনেক সময় সম্ভব হয় না। আবার ছুটি পেলেও প্রতি মাসে বিমানভাড়া দিয়ে দেশে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করাও অনেকের পক্ষে সম্ভব নয়—এমন প্রশ্নের জবাবে ড. মিজানুর রহমান আজাহারী বিষয়টি ব্যাখ্যা করেন।
তিনি বলেন, বিভিন্ন পরিস্থিতি, বিশেষ জরুরি প্রয়োজন এবং প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত দূরে থাকার সুযোগ থাকতে পারে।
প্রবাসী ও পরিবারের জীবন নিয়ে আলোচনা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি স্কলার শায়েখ আহমাদুল্লাহ। তিনি প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের ইসলামের আলোকে জীবনযাপন এবং পারিবারিক বিভিন্ন বিষয়ে উপস্থিত দর্শকদের প্রশ্নের সরাসরি উত্তর দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লিংকন ইউনিভার্সিটির সাঈদ বিন মনসুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন গ্রুপের চেয়ারম্যান ও সম্মেলনের টাইটেল স্পনসর দাতু সেরী হাজী হাসান আলী এবং মোশাররফ হেসেন মিয়াজী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সাধারণ সম্পাদক মো. রমজান।
৮ শতাধিক প্রবাসীর অংশগ্রহণ
ইসলামি মহাসম্মেলন আয়োজন ও বাস্তবায়নে বিভিন্ন ব্যক্তি সহযোগিতা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার আক্তার হোসেন, খান তরিকুল, হাসান মো. মাহমুদুল, বাসেত মোল্লা, হাবিবুর রহমান জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সম্মেলনে প্রায় ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজুসহ অন্যরা।
স্বদেশ প্রতিদিন/এস পি