প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:৪৬ পিএম আপডেট: ২৬.০৪.২০২৫ ৯:০৯ PM

রাজধানীতে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শীঘ্রই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি ও ডিএমপি যৌথভাবে কাজ করছে। এরই মধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে ডিএমপি। শীঘ্রই রাতে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে এগুলো।
এদিন ডিএনসিসির ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজে মোট ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে তাদের এলাকায় অবৈধ অটোরিকশা ঢুকতে না দেওয়ার করেন তিনি। তিনি বলেন, আপনাদের আবাসিক এলাকাগুলো যে পরিকল্পনা করে করা হয়েছে, তার বাইরে কিছু করতে দিয়েন না। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কাজ করতে দেবেন না। সিটি করপোরেশনের সাথে আপনারা স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা ও হকার বন্ধ করা সহজ হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ উপস্থিত ছিলেন প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি