প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:৪০ পিএম

রেফারি পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন ও অনুশীলন বাতিল করেছিল রিয়াল মাদ্রিদ। এতে গুঞ্জন উঠেছিল, কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি না-ও হতে পারে তারা। তবে সেই গুজব নাকচ করে দিয়েছে ক্লাবটি।
এক বিবৃতিতে রিয়াল স্পষ্ট জানিয়েছে, বার্সার বিপক্ষে ফাইনাল খেলবে তারা।
আজ শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২ টায় শুরু হবে এই বহু প্রতীক্ষিত ম্যাচ। এর আগেই মাঠের বাইরে উত্তেজনা চরমে পৌঁছেছে রেফারি ইস্যুতে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়ালের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি এক ভিডিও প্রকাশ করে, যেখানে ম্যাচের দায়িত্বপ্রাপ্ত রেফারি রিকার্দো বুরগোস বেনগোচিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ভিডিওতে তার অতীতের কিছু সিদ্ধান্ত তুলে ধরে অভিযোগ করা হয়, তিনি বার্সেলোনার পক্ষে পক্ষপাতদুষ্ট।
এর জেরে শুক্রবার আবেগে ভেঙে পড়েন বুরগোস। সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের টেলিভিশন আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছে, যা আমার পরিবারকেও কষ্ট দিয়েছে।’
পরের রাতে রিয়াল এক বিবৃতি দিয়ে জানায়, রেফারির বক্তব্য অযৌক্তিক এবং ক্লাবের প্রতি বিদ্বেষপূর্ণ। তারা রেফারি পরিবর্তনের দাবি জানালেও ফেডারেশন সেই দাবি মানেনি। এরপরই রিয়াল তাদের প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলন ও অনুশীলন বাতিল করে।
তবে গুঞ্জন ছড়ালেও রিয়াল তাদের অবস্থান পরিষ্কার করেছে। বিবৃতিতে তারা জানায়, আমরা কখনোই ফাইনাল ম্যাচ বয়কটের চিন্তা করিনি। ফুটবলের সৌন্দর্য ও বিশ্বজুড়ে সমর্থকদের সম্মানের জায়গা থেকেই আমরা মাঠে নামছি।
এছাড়া বিবৃতিতে রেফারির মন্তব্যের তীব্র সমালোচনা করে বলা হয়, ‘ফুটবলের মহৎ মূল্যবোধ রক্ষাই আমাদের অগ্রাধিকার।’
স্বদেশ প্রতিদিন/এমএম