প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯:৫৬ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১২:৩২ PM

রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা দ্রুত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানান।
মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ‘যে দল গুম-খুন করে, মানুষের অধিকার হরণ করে, তাদের রাজনীতি করার অধিকার নেই।’
বিক্ষোভকারীরা বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের ব্যানারে উত্তরায় যাঁরা মিছিল করেছেন, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানানো হয়।’
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া এক বক্তা বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা জনগণের সঙ্গে প্রতারণা।’
এর আগে শুক্রবার ভোরে ঢাকা-১৮ আসনের ব্যানারে একটি মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই মিছিলের একটি তিন মিনিটের ভিডিও দলটি প্রকাশ করেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম