প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯:৩৯ পিএম আপডেট: ১৭.০৪.২০২৫ ৯:৪৯ PM

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই সিরিজের প্রথম টেস্ট। আসন্ন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে মাত্র ৫০ টাকা। সাত ক্যাটাগরির টিকিটের মধ্যে সর্বোচ্চ দাম ৫০০ টাকা।
আগামী ২০ এপ্রিল প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। এছাড়া শনিবার সকাল ১০টা থেকে সিলেট স্টেডিয়াম কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।
বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড : ৫০০ টাকা
ক্লাব হাউজ : ২৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ১০০ টাকা
গ্রিন হিল এরিয়া : ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) : ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট) : ১৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি) : ৫০ টাকা
এর আগে ১৫ এপ্রিল ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। পরদিন সিলেটে যায় তারা। অন্যদিকে, ১৩ এপ্রিল থেকে সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথমদিন ৮ ক্রিকেটার নিয়ে শুরু হওয়া ক্যাম্পে ধাপে ধাপে যোগ দিয়েছেন বাকিরাও।
উল্লেখ্য, দুই দলের শেষ টেস্ট সাক্ষাতে ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৮টি টেস্টে মুখোমুখি হয়ে টাইগাররা জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ে ৭টিতে। রোডেশিয়ানদের সর্বশেষ টেস্ট জয় ২০১৮ সালে।
সিলেটে প্রথম টেস্ট শেষে দুই দল যাবে চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৮ এপ্রিল, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (সাবেক জহুর আহমেদ চৌধুরী) স্টেডিয়ামে।
স্বদেশ প্রতিদিন/এএএম