প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:৫২ পিএম

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর ফলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যা শহরের উত্তরা-বনানী-মহাখালী-তেজগাঁও রুটে তীব্র ভোগান্তির সৃষ্টি করেছে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, তেজগাঁও সাতরাস্তা পয়েন্টে পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান করে ইনকামিং ও আউটগোয়িংয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে উত্তরা-বনানী-মহাখালী রুটে ইনকামিংয়ের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে মহাখালী থেকে বনানী-উত্তরা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যেসব যাত্রী উত্তরা-বনানী-মহাখালী হয়ে তেজগাঁও যেতে চান বা গুলশান-১ থেকে আমতলী অভিমুখে যাচ্ছেন, তাদের আমতলী থেকে বাম দিকে টার্ন করে গুলশান-১ পুলিশ প্লাজা ও শান্তা ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
সবার নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুট ব্যবহারে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে যেকোনো আপডেট পেতে গুলশান ট্রাফিক বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করারও পরামর্শ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম