প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৮:৪৮ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ৯:০৫ PM

ক্রিকেটবিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর আসর আইপিএলে এবার দেখা মিলেছে অভিনব এক প্রযুক্তির রোবটিক ক্যামেরা, যেটি দেখতে হুবহু কুকুরের মতো। চলমান আইপিএলে এই রোবটিক ডিভাইসটি হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছে দর্শক ও ক্রিকেটারদের।
আইপিএলের সম্প্রচারকারী কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে রোবটটির একটি ভিডিও শেয়ার করে জানিয়েছে, এটি হাঁটতে, দৌড়াতে, এমনকি লাফাতেও সক্ষম। শুধু ভিডিও ধারণ নয়, এটি মাঠে এনে দিয়েছে একেবারে নতুন এক অভিজ্ঞতা। ক্যাপশনে মজার ছলে লেখা, ‘শহরে এসেছে আইপিএল পরিবারের নতুন সদস্য। এটা আপনাকে হাসাতে পারে এবং... একদম নতুন একটা দৃষ্টিভঙ্গিও দিতে পারে!’
রোবটিক ক্যামেরাটি রোববার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে মাঠে নামে। সেখানে এটিকে দেখা যায় খেলোয়াড়দের সঙ্গে কথা বলার ভঙ্গিতে 'আলাপচারিতা' করতে। ক্রিকেটাররা রোবটটিকে ঘিরে দারুণ কৌতূহল প্রকাশ করেন। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল কিছুটা বিভ্রান্ত হলেও মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া ও রিস টপলি বেশ আনন্দ পান, যদিও রোবটটি কুকুরের মতো আচমকা দু’পায়ে দাঁড়িয়ে পড়ায় কিছুটা ভড়কে যান।
এই অভিনব ‘ক্যামেরা কুকুর’ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে এর নামকরণে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি