প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৪:৫৬ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ৫:০৩ PM

চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুনের মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ তিনজনকে আগামী সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রবিবার (১৩ এপ্রিল) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
তিনি জানান, দুইজনকে গুলি করে হত্যার মামলায় আসামি তামান্নাসহ তিনজনেক চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রবিবার (১৩ এপ্রিল) শুনানি শেষে হাইকোর্টের আদেশ সংশোধন করে আসামি তিনজনকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে ধাওয়া দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হয়। এতে দুই আরোহী নিহত হন। পুলিশের ধারণা, সন্ত্রাসী সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজন বখতিয়ার হোসেন। নিহতের মা ফিরোজা বেগম বাকলিয়া থানায় মামলা করলে সাজ্জাদ, তার স্ত্রী তামান্না শারমিনসহ সাতজনকে আসামি করা হয়।
মামলার অন্য পাঁচ আসামি হলেন - মো. হাছান, মোবারক হোসেন, মো. খোরশেদ, মো. রায়হান ও মো. বোরহান। তারা সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।
পরে সিসিটিভি ক্যামেরা চেকের পর পুলিশ মো. বেলাল, মো. মানিক ও সজীব নামের তিনজনকে শনাক্ত করে গ্রেফতার করে।
এছাড়াও ১৬ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামান্নার একটি ভিডিও ব্যাপক আলোড়ন ছড়ায়। যেখানে তিনি তার আর্থিক স্বচ্ছলতা ও ক্ষমতার প্রভাব দেখিয়ে এবং তার স্বামীর পক্ষ সমর্থনে উদ্ধত বার্তা দেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি