প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘মধ্যরাতে মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একের পর এক অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের ঘটনার পরেও যদি বিরোধী দল মনে করে তারা চুপচাপ সব দেখে যাবে, তাহলে বলতেই হবে, নৈরাজ্য সৃষ্টিতে বিরোধী দলেরও মৌন সমর্থন আছে।’
তিনি আরও লেখেন, ‘ক্ষমতায় যাওয়ার লিপ্সায় তারা যদি আওয়ামী দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, এর খেসারত তাদেরও চরমভাবে দিতে হবে।’
রাশেদ খাঁন বলেন, বিরোধী দল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এসব অপতৎপরতা প্রতিহত করুক। তাহলেই বোঝা যাবে, তারা প্রকৃতপক্ষে গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায়।
অন্যথায় পতিত স্বৈরাচার গোষ্ঠীর সঙ্গে জামায়াত ও এনসিপির আপস-মীমাংসার বিষয়ে সন্দেহ থেকেই যাবে বলেও মন্তব্য করেন তিনি।