
ফিলিস্তিনির গাজা অঞ্চলে ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র্যালি করবে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে, তাই আমরা মানবতার পক্ষে আগামীকাল ঢাকার নয়াপল্টন থেকে একটি বিশাল র্যালি করব।’
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘গাজা ও রাফায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা কোনো যুদ্ধ নয়; এটি একটি মানবতাবিরোধী কাজ। সারা পৃথিবী এ হত্যাযজ্ঞ মেনে নেয়নি এবং আমাদেরও কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি ইহুদীবাদীরা নারীদের, পুরুষদের, শিশুদের, বৃদ্ধদের, বাড়িঘর, বেসামরিক স্থাপনা—সবকিছু ধ্বংস করে ফেলছে। এমনকি হাসপাতালগুলোও তাদের নির্মম হামলার শিকার হয়েছে। আমরা এই বর্বরতা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাই।’
আমিনুল হক আরো বলেন, ‘যারা আমাদের মুসলমান ভাই-বোনদের হত্যা করছে, তাদের পণ্য আমরা ব্যবহার করতে পারি না। ইতিমধ্যে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করেছি। তবে, বর্জনের নামে যারা ভাঙচুর ও লুটপাট করছে, তাদের কোনোভাবেই সমর্থন করা যাবে না। ভাঙচুর ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি জানান, ‘বাংলাদেশে একটি সুন্দর এবং মানবিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে। আমাদের মানবিকতার পক্ষে অবস্থানকে আরো সুদৃঢ় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এই যৌথ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহবায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ. বি. এম. এ. রাজ্জাক (দপ্তর), আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম. কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, তুহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া, সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল সদস্যবৃন্দ এবং ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড এবং সকল ইউনিট বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম