
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ১৭ বছরের এই জঞ্জাল থেকে দেশকে বের করে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমাদের এতো যুদ্ধ, এতো লড়াই, এতো সংগ্রাম, এতো আন্দোলন। এরপরও অভাব-অনটন থেকে আমরা বের হতে পারছি না। এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের আকড়ে ধরে রেখেছিল। আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে।’
তিনি বলেন, ‘১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেবো, ৭ মাসে শেষ হয়ে যাবে—এটা মনে করা বা বলা ঠিক হবে না।’
দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম দিতে হচ্ছে এবং ত্যাগ স্বীকার করতে হচ্ছে বলে জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। তারাও সেভাবে সমন্বয় করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করছেন।
এ্যানি বলেন, ১৭ বছরে অনেক কিছু হারিয়েছেন তারা। এর মধ্যে শিক্ষা বিস্তার, চাকরির বয়স, সমাজ ও পরিবার রয়েছে। দেশের জন্য কিছু করার এবং দেশকে কিছু দেওয়ার সুযোগও হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। এই জেনারেশন সর্বশেষ ১৭ বছরের সঙ্গে আমাদের সঙ্গে যোগ হয়েছে। এরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।’
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিনসহ আরও অনেকে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ