প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:০২ পিএম

আসন্ন বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে বলে ঘোষণা দিয়েছে। এর মধ্যে সাড়ে ৩ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ধান-চাল সংগ্রহ করা হবে।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, চলতি মৌসুমে প্রতি কেজি ধান ও চালের দাম গতবারের তুলনায় বাড়ানো হয়েছে। প্রতি কেজি বোরো ধান সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হবে।
তিনি বলেন, ‘এটি একটি কৃষকদের জন্য সহায়ক পদক্ষেপ, যাতে তারা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে পারে।’ সরকার গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে, যার সংগ্রহমূল্য হবে ৩৬ টাকা কেজি।
বুধবার (৯ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘আমাদের লক্ষ্য অনুযায়ী ধান ও চালের উৎপাদন হবে এবং মাঠের পরিস্থিতি দেখে এটি মনে হচ্ছে, আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করতে পারব।’
এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার বোরো মৌসুমে কৃষকদের সহায়তা করতে চায়, যাতে তারা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় এবং কৃষি সেক্টরের উন্নতি হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম